tanaka
প্রচ্ছদরাজনীতি১৪০০ মানুষ হত্যা করেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৪০০ মানুষ হত্যা করেও দলটির রক্ততৃষ্ণা মেটেনি। শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক মানুষকে হত্যার পর ক্ষমতায় টিকে থাকতে না পেরে তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশে অবস্থান করেও তাদের সেই রক্তের নেশা থামেনি। আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

রিজভী অভিযোগ করেন, রক্ততৃষ্ণা মেটাতেই একের পর এক পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের যানবাহনে আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, এমনকি মানুষ হত্যার ঘটনাও ঘটছে।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, যারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় আনবে। আদালতের মাধ্যমে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ‘আমরা রাজপথ, গলিপথ কিংবা মেঠোপথ—কোনোটাই ছেড়ে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আহ্বান জানাব।’

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্য নেতারা।