বিশ্বে কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। বিষয়গুলো হলো—জাতিসংঘের সংস্কার, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার এবং পারমাণবিক ঝুঁকি হ্রাস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তির লক্ষ্যে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের ঘোষণা’ শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী হিসেবে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।
যৌথ ঘোষণায় বলা হয়, তিন রাষ্ট্রপ্রধান সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন। পাশাপাশি বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
জাতিসংঘের সংস্কারে গুরুত্ব
ঘোষণার প্রথম দফায় জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিন নেতা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে আরও কার্যকর ও শক্তিশালী করার অঙ্গীকার করেছে।
বিশ্বের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে যৌথ ঘোষণায়।
জ্বালানি উৎপাদন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ
দ্বিতীয় দফায় পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে দেশ তিনটি। বিশ্বের সব দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপ্রধানরা।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নিয়ে ঐকমত্য
তৃতীয় দফায় রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য সংস্থা যাতে নিজেদের বিচারিক এখতিয়ার অপব্যবহার না করে, সে বিষয়ে অভিন্ন অবস্থান প্রকাশ করেছেন তিন নেতা।
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে সংলাপ
যৌথ ঘোষণার চতুর্থ দফায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষের জয়ী হওয়ার সুযোগ নেই এবং এ ধরনের যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়।
পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে পারস্পরিক সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা।
সূত্র: সিনহুয়া



