সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি আকাশচুম্বী ভবন। ৮০ তলা বিশিষ্ট ভবনটিতে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর অবস্থিত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার খবরের মধ্যে এ ঘটনা ঘটে। সৌদি আরবের দাবি, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিহত করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার ভোরে সৌদি রাজধানীতে কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে কয়েক মিনিটের মধ্যেই বিপদ কেটে গেছে বলে জানানো হয়।
হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। বর্তমানে বস্তুগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এদিকে বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে ক্ষয়ক্ষতি হয়েছে। ১ হাজার ২৬৩ ফুট বা ৩৮৫ মিটার উচ্চতার এই ভবনটি রিয়াদের সবচেয়ে উঁচু এবং সৌদি আরবের দ্বিতীয় সর্বোচ্চ ভবন।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালার কাচ ভেঙে গেছে। আরও দুজন সূত্রও ভবনটির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল ও এএফপি



