প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। মানুষ হত্যা করে তারা দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। তবে এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এবং সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তারা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, তারা জনগণের সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।
বিএনপির এই নেতা বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। আওয়ামী লীগ আবারও হত্যার পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লায় বিএনপির সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা দেশের মঙ্গল চায় না। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনো আপস করব না।
টুকু বলেন, দেশের প্রতিটি মানুষ শান্তি ও আইনের শাসন চায়। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই, দেশ গঠন করতে চাই এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ পথে যারা বাধা সৃষ্টি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অগ্নিসন্ত্রাসে জড়াবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই বিএনপিকে রুখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাসস্ট্যান্ড ঘুরে মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



