tanaka
প্রচ্ছদসারাদেশকাজ না পাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রীলীলা, জানালেন অভিনয়ে বিরতির কারণ

কাজ না পাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রীলীলা, জানালেন অভিনয়ে বিরতির কারণ

নাচের পারদর্শিতা ও অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দক্ষিণী চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী শ্রীলীলা। তেলুগু সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর তামিল ও কন্নড় চলচ্চিত্রেও কাজের সুযোগ তৈরি হয়েছে তার। চলতি মাসেই ধনুশের বিপরীতে অভিনীত নতুন সিনেমা ‘ওম’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার কাজের সংখ্যা কমে যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এমনকি কাজের অভাবে অভিনয় থেকে দূরে রয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। এবার এসব জল্পনার জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পায় শ্রীলীলা অভিনীত সিনেমা ‘স্কন্দ’। এরপর একই বছরের অল্প সময়ের ব্যবধানে দর্শকের সামনে আসে তার আরও চারটি সিনেমা—‘ভগবন্ত কেশরী’, ‘আদিকেশব’, ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’ ও ‘গুন্টুর করম’। অর্থাৎ মাত্র পাঁচ মাসে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল তার।

তবে পরবর্তী সময়ে সিনেমায় তার উপস্থিতি তুলনামূলকভাবে কমে যায়। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ‘রবিনহুড’, ‘মাস জাঠারা’ ও ‘উস্তাদ ভগত সিং’—এই তিনটি তেলুগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও ছবিগুলো বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। পরপর সিনেমার ব্যর্থতা এবং কাজের সংখ্যা কমে যাওয়াকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে শ্রীলীলার হাতে নতুন কাজ নেই বলে আলোচনা শুরু হয়।

বর্তমানে হিন্দি ও তামিল চলচ্চিত্রেও কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি হায়দরাবাদে ‘ওম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের সাম্প্রতিক বিরতি নিয়ে কথা বলেন তিনি। জানান, কাজ কমে যাওয়ার পেছনে ইন্ডাস্ট্রিতে সুযোগের অভাব নয়, বরং ব্যক্তিগত ও শিক্ষাজীবনের কিছু ব্যস্ততা দায়ী।

শ্রীলীলা বলেন, মুম্বাইয়ে দুই বছর ধরে তার ইন্টার্নশিপ চলছে। এ কারণে একটি নির্দিষ্ট সময় তাকে সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে হয়েছে। ফলে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েও সেগুলোতে কাজ করা সম্ভব হয়নি।

অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন অভিনেত্রী। তার ভাষ্য, খুব কম বয়সেই চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন তিনি। সে সময় যেসব সিনেমার প্রস্তাব আসত, প্রায় সবগুলোতেই রাজি হয়ে যেতেন। নিজের পছন্দ ও পরিকল্পনা অনুযায়ী কাজ বেছে নেওয়ার মতো সুযোগ তখন তার ছিল না।

এত অল্প সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রীলীলা বলেন, যেভাবে কাজ করে গেছেন এবং দর্শক যেভাবে তাকে গ্রহণ করেছেন, তা তার জন্য অনেক আনন্দের।

তবে সময়ের সঙ্গে নিজের ক্যারিয়ার নিয়ে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে তার। এখন কাজ নির্বাচনের ক্ষেত্রে নিজের পছন্দ ও সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিতে চান তিনি। অতীতে কোথায় ভুল করেছেন, সেসব বিষয় নিয়েও নতুন করে ভাবছেন।

এ প্রসঙ্গে পরিচালক রাজকুমার পেরিয়াস্বামীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন শ্রীলীলা। তার মতে, পরিচালক তাকে নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নেওয়া এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এতে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সব মিলিয়ে শ্রীলীলার বক্তব্যে স্পষ্ট, অভিনয়ে সাম্প্রতিক বিরতির কারণ কাজের সংকট নয়। বরং চিকিৎসাশাস্ত্রের ইন্টার্নশিপ সম্পন্ন করা এবং নিজের ক্যারিয়ার নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যেই আপাতত সিনেমায় কাজের সংখ্যা কমিয়েছেন তিনি।