tanaka
প্রচ্ছদজাতীয়গুম-খুন ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: প্রধানমন্ত্রী

গুম-খুন ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: প্রধানমন্ত্রী

দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের এমন জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। এই গোষ্ঠী বন্দুকের মুখে জনগণকে জিম্মি করে ১৭ বছর দেশ শাসন করেছে। এ সময়ে মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর ফিরে আসুক, তা দেশের মানুষ চায় না। যারা রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারেক রহমান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। লালমনিরহাট অঞ্চলে গ্যাসলাইন আনেনি, স্থাপন করেনি ইপিজেড। কেন এসব কাজ হয়নি, সেই প্রশ্ন জনগণের। এর কারণ, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না।

তিনি অভিযোগ করেন, ওই গোষ্ঠী দেশের মানুষের স্বার্থের পরিবর্তে সীমান্তের ওপারের প্রভুদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল। এখন সেখান থেকেই আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যারা গুম-খুনের রাজনীতি করেছে, মানুষের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের কি আবার সেই রাজনীতি করার সুযোগ দেওয়া হবে? এর জবাবে তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, একইভাবে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারেক রহমান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তারা অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও আক্রমণ করে হত্যার রাজনীতি আবারও শুরু করেছে। ক্ষমতা ধরে রাখতে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ৬০ জন শিশু। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, দেশের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ থাকতে পারে না।

তিনি বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও উন্নয়ন চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ২০২৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। অগ্নিসন্ত্রাসী ও হত্যাকারীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে শিল্প-কলকারখানা গড়ে তোলা, উৎপাদন বাড়ানো, কৃষির উন্নয়ন এবং মানুষের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখননের সুফল তুলে ধরে তারেক রহমান বলেন, খননকাজ শেষ হলে খালের পানি কৃষকদের সেচসুবিধা বাড়াবে। পাশাপাশি খালের আশপাশের বাসিন্দাদের পানির সংকটও কিছুটা কমবে।

তিনি জানান, খালটিকে পরিকল্পিতভাবে বিভিন্ন অংশে ভাগ করে স্থানীয় তরুণদের মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। কৃষির উৎপাদন বাড়ানো, সেচসুবিধা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর অগ্রগতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচির তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে কার্ড বিতরণ শুরু হবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এ কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারে নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা করে সরকারি সহায়তা পাবেন। এই অর্থ দিয়ে পরিবারের প্রয়োজন মেটানো, সন্তানদের লেখাপড়া ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারবেন তারা।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, কৃষকদের এমনভাবে সহযোগিতা করতে চায় সরকার, যাতে তারা বছরে অন্তত দুটি ফসল উৎপাদন করতে পারেন। অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় সহায়তা সরকার থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী

প্রধানমন্ত্রী বলেন, মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিত্বদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সরকারিভাবে তাদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। এ সহায়তা ধীরে ধীরে আরও বাড়ানো হবে।

তিনি জানান, চলতি বছর দেশে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থীদের জন্য সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রতি বছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ছেলে ও মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন

লালমনিরহাট অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ গ্যাস ব্যবহার করে শিল্প-কারখানা পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, গ্যাসলাইন স্থাপন করা গেলে বিনিয়োগকারীরা রংপুর বিভাগসহ এ অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হবেন। এতে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের সংকট অনেকটাই কমে আসবে।

বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক মাসে বাংলাদেশ থেকে পাঁচ লাখ যুবককে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে। বিদেশগামী কর্মীরা যাতে কম খরচে যেতে পারেন, সে ব্যবস্থাও নেওয়ার উদ্যোগ রয়েছে।

দিনভর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দিনব্যাপী সফরে লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

সফরের শুরুতে প্রাইম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন ও বক্তব্য দেন তিনি।

এরপর দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপির জনসভায় যোগ দেন। পরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।