চীনে বিপুল অঙ্কের ডেটা সেন্টার ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন চীনা ব্যবসায়ী ক্যাং ওয়েই। একই সময়ে তাঁর স্ত্রী অ্যালিস হুয়াং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহে তৎপর ছিলেন। এদিকে অ্যালিসের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। স্বামী-স্ত্রীর ব্যবসায়িক কর্মকাণ্ডকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিযোগিতার একটি আলোচিত অধ্যায় সামনে এসেছে।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্যাং ওয়েইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। এসব প্রকল্পে চীনা সরকারের আর্থিক ও অবকাঠামোগত সহায়তা ছিল। অন্যদিকে, এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখেন তাঁর স্ত্রী অ্যালিস হুয়াং।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্যাংয়ের ডেটা সেন্টার ব্যবসার প্রধান ভিত্তি ছিল সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে এ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ শুরু হয়। প্রতিষ্ঠানটির মালিকানার ১০ শতাংশ ছিল সাংহাইয়ের একটি স্থানীয় সরকারি সংস্থার হাতে। ক্যাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের মালিকানা ছিল ২৭ শতাংশ। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল সেঞ্চুরি হুয়াটং।
২০২২ সালের শুরুর দিকে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। চুক্তির আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো এবং কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এর ধারাবাহিকতায় চীনের বিভিন্ন অঞ্চলে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ সামনে আসে।
এসব প্রকল্পের মধ্যে উহু শহরের ৪৫০ কোটি ডলারের ডেটা সেন্টারটি ছিল অন্যতম বড় উদ্যোগ। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা। প্রায় ৪১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আটটি ভবন নির্মাণের পাশাপাশি সেখানে ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। প্রকল্পটিতে চীনা সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একটি ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছিল।
এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৬২ হাজার ৩৭৫ কোটি টাকা। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।
এনভিডিয়ার চিপ সংগ্রহে অ্যালিসের ভূমিকা
ক্যাংয়ের ডেটা সেন্টার ব্যবসা যখন চীনে বিস্তৃত হচ্ছিল, তখন এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের চেষ্টা চালাচ্ছিলেন অ্যালিস হুয়াং। তিনি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে অ্যালিস এনভিডিয়াকে জানান, চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা মেগাস্পিডের বড় গ্রাহক হতে পারে। এর পর প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ক্লাউড পার্টনার হিসেবে স্বীকৃতি পায়। ফলে উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয় মেগাস্পিডের জন্য।
এদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের উল্লেখ রয়েছে। তবে এই ব্যক্তিগত সম্পর্কের কারণে চিপ সংগ্রহে কোনো বিশেষ সুবিধা পাওয়া গিয়েছিল—এমন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত, আটক ক্যাং
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনার ক্ষেত্রে মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড এবং প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা অপরাধের পর্যাপ্ত প্রমাণ না পেলেও অ্যালিস হুয়াংকে সতর্ক করা হয়। একই সঙ্গে সিঙ্গাপুরে তাঁর পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত এখনো চলছে।
অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন ক্যাং ওয়েই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের শেষ ভাগ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অ্যালিস ও ক্যাং সাংহাই এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিন বছরের মধ্যে বিনিয়োগ তিন গুণে উন্নীত হওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেছিলেন তাঁরা।
তবে ক্যাংয়ের ডেটা সেন্টার প্রকল্পে চীনা সরকারের সহায়তা এবং অ্যালিসের এনভিডিয়ার চিপ সংগ্রহের উদ্যোগের মধ্যে কোনো সমন্বিত সরকারি পরিকল্পনা ছিল—এমন প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে এনভিডিয়ার চিপগুলো ক্যাংয়ের ডেটা সেন্টারগুলোতে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।



