tanaka
প্রচ্ছদজাতীয়তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ

তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজের জন্মদিন পালন করছেন। তবে দিনটি ঘিরে কোনো আনুষ্ঠানিকতা বা উৎসবের আয়োজন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে জন্মদিন ঘিরে কোনো ধরনের উৎসব বা আনুষ্ঠানিক আয়োজন চান না তারেক রহমান। দলের নেতাদের কাছে নিজের এই মনোভাবের কথা জানিয়েছেন তিনি। তবে দলের চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের মধ্যে ২০ টাকা প্রতীকী মূল্যে বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বই উৎসব’।

অন্যদিকে, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচি নিয়েছে। একইভাবে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক কর্মকাণ্ড এবং দোয়া মাহফিলের আয়োজন করবেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমানের অবস্থান এখন গুরুত্বপূর্ণ। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর তিনি দেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন। একই পরিবারের তিনজনের রাষ্ট্র পরিচালনার শীর্ষ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার ঘটনা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসেও বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। দলের একজন সাধারণ পর্যায়ের কর্মী হিসেবে রাজনৈতিক পথচলা শুরু করে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ দেশের নেতৃত্বে পৌঁছেছেন তিনি।

তৃণমূল থেকে জাতীয় নেতৃত্বে

১৯৮৮ সালে মাত্র ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। তবে এর আগেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মা খালেদা জিয়ার সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি দেশব্যাপী প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। এর মধ্য দিয়েই জাতীয় রাজনীতির প্রথম সারিতে তার সক্রিয় উপস্থিতি দৃশ্যমান হয়।

২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। এরপর দেশজুড়ে দলের মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেন। বিএনপির মূল সংগঠনের পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে বিভিন্ন সভা-সমাবেশের আয়োজন করেন।

এসব সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলের তরুণ নেতাকর্মীদের কাছে তিনি কেবল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হিসেবে নয়, বরং একজন সংগঠক ও সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবেও পরিচিতি অর্জন করেন।

তবে রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও রয়েছে তার। পরে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখান থেকেই ধীরে ধীরে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত হন। একপর্যায়ে প্রবাসে অবস্থান করেও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।

লন্ডনে অবস্থানকালে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায়ও বাধার মুখে পড়েন তিনি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতের এক আদেশে তার বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগ পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল ছিল।

২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরার দিন রাজধানীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। লাখো মানুষের উপস্থিতিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশে ফিরে নিজের রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায়

তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে বিএনপি। এর ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বর্তমানে সরকারপ্রধানের পাশাপাশি বিএনপির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

২০২৬ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান পান তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন উদ্যোগ ও কর্মপদ্ধতির মাধ্যমে আলোচনায় রয়েছেন তিনি। সরকারি প্রটোকল এড়িয়ে চলা, সাদামাটা জীবনযাপন এবং দিন-রাত পরিশ্রম করে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিষয়গুলো নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। তাদের মতে, প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে কাজের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের জন্মদিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন না রাখার সিদ্ধান্তের মধ্য দিয়েও নিজের ব্যক্তিগত পছন্দ ও রাজনৈতিক অবস্থানের একটি বার্তা দিতে চেয়েছেন তিনি বলে মনে করছেন দলীয় নেতারা।