কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর বিএনপির আরও কয়েকজন নেতা পদ ছেড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে সাবেক প্রতিমন্ত্রী ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও উঠে এসেছে। তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে তার কাছে জানতে চেয়েছেন। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি একটি দুষ্ট চক্রের অপপ্রচার এবং সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।
বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার বিষয়ে শায়রুল কবির খান জানান, প্রায় এক মাস ধরে তিনি বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার রাতে সেখান থেকে থাইল্যান্ডে যান তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশটির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
অন্যদিকে, ড. এম ওসমান ফারুকের সংসদ সদস্য পদ ছাড়ার কারণও ব্যাখ্যা করেছেন বিএনপির এই নেতা। তিনি জানান, ওসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই তিনি সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এর পেছনে কোনো রাজনৈতিক বিষয় নেই।
শায়রুল কবির খান আরও বলেন, ওসমান ফারুকের সঙ্গে তিনি নিজেও একাধিকবার কথা বলেছেন। ফলে তার পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।
তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের এই সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান।



