নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
সোমবার (১ জুন) হাসপাতালে গিয়ে তিনি হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের কাছ থেকে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি হাসপাতালের পরিচালকের সঙ্গেও আলোচনা করে হান্নান মোল্লার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে হান্নান মোল্লাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগজনিত জটিলতার আশঙ্কায় তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে। এছাড়া হৃদপিণ্ডের পর্দার প্রদাহজনিত রোগ ভাইরাল পেরিকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
বর্তমানে হান্নান মোল্লার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে রোগের প্রকৃতি নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।



