রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার (১৪ নভেম্বর) নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ছাড়াও পাঁচ সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ।
আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক হেলিমুল আলম, ইউডিজেএফবির সাবেক সহসভাপতি খালিদ সাইফুল্লাহ ও সহসভাপতি ফয়সাল খানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংলাপে অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও দেশের নগর ব্যবস্থাপনায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র্যাঙ্কিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।
আবাসন খাতের অপরিকল্পিত সম্প্রসারণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আবাসিক এলাকায় আগে চার থেকে পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখন ১৪ তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। এতে নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার চাপ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। অথচ বাড়তি জনসংখ্যার চাহিদা অনুযায়ী পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াতে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে না।
স্থানীয় সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে নাগরিকদের আস্থা কমেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক খোঁড়াখুঁড়ির মতো সমস্যায় নাগরিকরা কার্যকর সমাধান পাচ্ছেন না।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেন আদিল মুহাম্মদ খান। একই সঙ্গে সিটি করপোরেশনকে পরিচ্ছন্নতা ও মশকনিধনের কাজে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয়ের ক্ষমতা দেওয়ার আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। শুধু মাস্টারপ্ল্যান তৈরি করলেই হবে না, তা কার্যকর করতে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি। শহরের সড়ক, ড্রেনেজ, ফুটপাতসহ অন্যান্য অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। জনস্বার্থ বিবেচনায় একাধিক পরিকল্পনার পরিবর্তে একটি বাস্তবসম্মত মহাপরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
মূল প্রবন্ধে নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ বলেন, ১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বসবাস করলেও বর্তমানে নগর এলাকায় বসবাসকারীর হার প্রায় ৪২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। অথচ দেশের ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকির দায়িত্বে স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। এ ছাড়া পৌরসভাগুলোতে অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য রয়েছে। ফলে নগর উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পনা বিভাগ চালুর সুপারিশ করেন তিনি। এসব বিভাগে পরিকল্পনাবিদ ও ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেন নূরুল্লাহ।
পাঁচ সাংবাদিক পেলেন বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড
নগর সংলাপের শেষপর্বে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন—
-
নগর সংস্থার সেবা ও দুর্ভোগ (অনলাইন ও প্রিন্ট): ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান।
-
নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি: কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম ও এশিয়া পোস্টের লতিফুল ইসলাম।
-
নগর পরিকল্পনা: ডেইলি সানের রাশেদুল হাসান।
-
টেলিভিশন বিভাগ: চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।



