জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে দেশের বিভিন্ন অঞ্চল পুড়ছে। ঢাকাসহ প্রায় ৪০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। পাশাপাশি মাসজুড়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১ জুন) প্রকাশিত আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এ মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।
এদিকে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় দেখা গেছে, মে মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। অন্যদিকে বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাত ছিল বেশি।
গত মে মাসে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় দিনাজপুরে, ১৪৪ মিলিমিটার।
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
বুধবারও দেশের কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, চলমান তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে যেসব এলাকায় বৃষ্টিপাত হবে, সেখানে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে, ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাঙামাটি ও কুমিল্লায় সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



