tanaka
প্রচ্ছদজাতীয়এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই হবেন নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তাঁরা মানুষের কাছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় জ্ঞান ও সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।

জুবাইদা রহমান আরও বলেন, রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজই করে আসছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের অগ্রগতি ধীর হওয়ায় তাঁরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাঁদের মনে রাখতে হবে, তাঁদের গবেষণা ও প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ কাজের জন্য তাঁদের গর্বিত হওয়া উচিত।

এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ। সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্য খাত সংস্কারে সরকারের পাঁচটি অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা, ওষুধশিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজির প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই পরিবেশ তৈরি—এসব বিষয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, এমন একটি গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে প্রশিক্ষিত বাংলাদেশি বিজ্ঞানীরা নিজ দেশেই সম্মানজনক ও সমৃদ্ধ কর্মজীবন গড়ে তোলার সুযোগ পান।