tanaka
প্রচ্ছদরাজনীতিসিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত

সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত

ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে নির্ধারিত লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের নাজুক পরিস্থিতির কারণে বিকল্প হিসেবে রেলপথে এ কর্মসূচি পালনের পরিকল্পনা করা হলেও জনভোগান্তির আশঙ্কায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে দলগুলো।

এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলীয় ঐক্যের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে সাংবাদিকেরা বিষয়টি আজ জানতে পেরেছেন।

১১ দলীয় ঐক্যের একাধিক নেতা জানান, লংমার্চের সময় একই সঙ্গে ট্রেনে সাধারণ যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রাখতে হবে। ফলে নিয়মিত যাত্রীসেবা ব্যাহত না করে রেলপথে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে আলোচনার পর সিদ্ধান্তটি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত রেলপথেও লংমার্চ না করার সিদ্ধান্ত হয়েছে।

তবে স্থগিত হওয়া এ কর্মসূচি পরবর্তী সময়ে কবে এবং কীভাবে পালন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ১১ দলীয় ঐক্য।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চ কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে জোটটি। এরপর তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।