tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাট, দিল্লিতে বাতিল ৩ ফ্লাইট

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাট, দিল্লিতে বাতিল ৩ ফ্লাইট

বিশ্বজুড়ে মাইক্রোসফটের প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব পড়েছে ভারতের বিমান চলাচলে। এর জেরে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া সংস্থাটির আরও দুটি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে অন্যান্য বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর আনন্দবাজারের।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দিল্লি থেকে পুনে, লেহ ও মুম্বাইগামী স্পাইসজেটের তিনটি ফ্লাইট বাতিল করা হয়। একই সময়ে দিল্লি থেকে দরভাঙ্গা ও মুম্বাইগামী সংস্থাটির আরও দুটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

এদিকে মাইক্রোসফটের প্রযুক্তিগত বিপর্যয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এখন পর্যন্ত তাদের ফ্লাইট পরিচালনা কিংবা যোগাযোগব্যবস্থায় এর কোনো প্রভাব পড়েনি। যাত্রীদের ইমেইল সেবা সচল রাখতে সাময়িকভাবে ইমেইল ট্রাফিকের পথ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই ইমেইলের উত্তর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ইন্ডিগো, আকাশ এয়ার ও দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের সতর্ক করেছে। বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সময়সূচি ও সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক, টিমসসহ বিভিন্ন ডিজিটাল সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এতে ইমেইল আদান-প্রদান, অনলাইন বৈঠক এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন অ্যাপ ও সেবা ব্যবহারে সমস্যায় পড়েন অসংখ্য গ্রাহক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, আউটলুকের ইমেইল সেবা ও টিমস অ্যাপের সমস্যাগুলো নিয়ে তদন্ত চলছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এক্সচেঞ্জ অনলাইনের মেইলবক্স ব্যবহারে গ্রাহকদের সমস্যার বিষয়টি তাদের নজরে এসেছে।

তবে ঠিক কী কারণে এই প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস অ্যাকাউন্টের এক বার্তায় বলা হয়েছে, বিভ্রাটের প্রভাব কমিয়ে দ্রুত সেবা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।