tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকতুরস্ক-কাতার প্রতিরক্ষা চুক্তিতে সই

তুরস্ক-কাতার প্রতিরক্ষা চুক্তিতে সই

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। চুক্তি অনুযায়ী, দেশ দুটির যেকোনো একটির ওপর তৃতীয় কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে যৌথভাবে তা মোকাবিলা করবে তুরস্ক ও কাতার। খবর রয়টার্সের।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

চুক্তির আওতায় নিজেদের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে নিয়মিত আলোচনা করবে দুই দেশ। পাশাপাশি যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি করা হয়েছে। দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠক শেষে চুক্তির বিষয়টি ঘোষণা করা হয়।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, উপসাগরীয় অঞ্চলে যাতে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যে একযোগে কাজ করবে তুরস্ক ও কাতার। বৈঠকে এরদোগান সংলাপের পরিবেশ তৈরি এবং শান্তি প্রতিষ্ঠার ভিত্তি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা খাতের পাশাপাশি জ্বালানি সহযোগিতা সম্প্রসারণেও একমত হয়েছে দেশ দুটি। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তারা। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে জ্বালানি অংশীদারত্বকে আরও বিস্তৃত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা অন্য দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে।

গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট ওই চুক্তি অনুমোদন করেছে। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে আঙ্কারার জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।