শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা অব্যাহত থাকলে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পমালিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি দেশের রফতানি আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, আতঙ্কের কারণে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন। এমনকি তাদের দিয়ে কারখানায় ভাঙচুরও করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে ইতোমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে।
চলমান অস্থিরতার কারণে মজুরি বোর্ডের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, একটি মহলের কর্মকাণ্ডের কারণে মজুরি বোর্ড স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। এখনই পরিস্থিতির উন্নতি না হলে বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা বন্ধ রাখার বিষয়ে শিল্পমালিকরা ঐকমত্যে পৌঁছেছেন।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। ইতোমধ্যে বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে মজুরি বোর্ডে আলোচনা চলমান থাকলেও বিশেষ করে সাভার ও আশুলিয়া অঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের নেতারা শ্রম আইনের ১৩(১) ধারার ‘কাজ নেই, মজুরি নেই’ বিধান প্রয়োগ করে কারখানা বন্ধ না করার আহ্বান জানান।
তাদের আশঙ্কা, কারখানা বন্ধের সিদ্ধান্ত শ্রমিক অসন্তোষ আরও উসকে দিতে পারে এবং মালিক-শ্রমিক আলোচনার পথ বাধাগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার জরুরি বৈঠকে বসে কারখানা বন্ধের বিষয়ে সিদ্ধান্তের কথা জানায় বিজিএমইএ।



