tanaka
প্রচ্ছদরাজনীতিপিতার প্রণীত আইনেই পলাতক অপরাধী হাসিনা, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

পিতার প্রণীত আইনেই পলাতক অপরাধী হাসিনা, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনা ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’। এ কারণে তার দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আইনের আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে যেসব দণ্ড ঘোষণা করা হয়েছে এবং যেসব মামলা এখনো বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি সাজাই তাকে ভোগ করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি অন্যায়, অত্যাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফিরে আসার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ কর্মসূচি পালন করা হচ্ছে।

শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনিও দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিলেন।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী তিনি একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে যেসব দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেসবের প্রতিটি সাজা কার্যকর করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের বিদেশে অবস্থান নিয়েও সমালোচনা করেন রিজভী। তিনি অভিযোগ করেন, দলটির নেতাদের কেউ কলকাতায় ফ্ল্যাট কিনে একাধিক স্ত্রী নিয়ে বসবাস করছেন, আবার কেউ থাইল্যান্ডের ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে অবস্থান করছেন। অন্যদিকে দেশে থাকা দলটির তৃণমূলের কর্মীদের হাতে বোমা তুলে দিয়ে বিভিন্ন স্থানে আতশবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয় উল্লেখ করে রিজভী বলেন, গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের মধ্যেও জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নও বহুবার শারীরিক নির্যাতনসহ নানা অত্যাচারের শিকার হয়েছেন। তারপরও তাদের মনোবল ভাঙা যায়নি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে কোনোভাবেই মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যেকোনো পরিকল্পনা প্রতিহত করতে দেশের সর্বত্র জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তির নেতা-কর্মীরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।