tanaka
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামে ষড়যন্ত্র ও অরাজকতা ঠেকাতে প্রস্তুত দলের নেতাকর্মীরা: ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ষড়যন্ত্র ও অরাজকতা ঠেকাতে প্রস্তুত দলের নেতাকর্মীরা: ভূমি প্রতিমন্ত্রী

দেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে চট্টগ্রামে তা প্রতিহত করতে দলের নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ক্ষেত্রে প্রশাসনের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে দলের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতি ‘কথা কম, কাজ বেশি’ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। নগরবাসীর প্রয়োজন বিবেচনায় যেকোনো উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দেওয়া হলে নিজ উদ্যোগে তা অনুমোদনের ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। এ দাবিতে অতীতে মানববন্ধনও হয়েছে। নবনির্মিত সেতুটি চালুর মাধ্যমে অবশেষে এলাকাবাসীর সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন। এসব বড় প্রকল্প চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প প্রকল্পের অর্থায়নে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের চলাচলের সুবিধার্থে এতে ওঠানামার জন্য তিনটি প্রবেশ ও বহির্গমন পথ রাখা হয়েছে।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।