tanaka
প্রচ্ছদজাতীয়কার্বন বাজারে সহযোগিতা বাড়াতে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

কার্বন বাজারে সহযোগিতা বাড়াতে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

প্যারিস চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে যৌথ সহযোগিতা জোরদারে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ চুক্তির ফলে কার্বন অর্থায়নের নতুন সুযোগ তৈরি, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে দুই দেশের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং চুক্তিতে স্বাক্ষর করেন।

প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় এ অংশীদারিত্ব বাংলাদেশের আন্তর্জাতিক কার্বন বাজারে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ বাস্তবায়নেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

স্বাক্ষর অনুষ্ঠানে শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এ অংশীদারিত্বকে বাংলাদেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এর মাধ্যমে কার্বন অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরি, স্বচ্ছতা ও উচ্চমান বজায় রেখে কার্বন বাজারের বিকাশ এবং এনডিসি ৩.০ বাস্তবায়নে অগ্রগতি অর্জন সম্ভব হবে। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্য পূরণে সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সমঝোতা অনুযায়ী, কার্বন ক্রেডিটের বিষয়ে দুই দেশ নিজেদের মধ্যে তথ্য, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি উভয় দেশের স্বার্থ ও পারস্পরিক সুবিধা বিবেচনায় কার্বন নিঃসরণ হ্রাসে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতে যৌথ উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহযোগিতার ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজার গড়ে তোলার সুযোগ বাড়বে। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি স্থানান্তর, বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও অর্থায়ন পাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হবে। এর মাধ্যমে দেশের নিম্ন-কার্বনভিত্তিক উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হতে পারে।

এদিকে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ধাপে আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে দুই দেশের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত সহযোগিতাকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।