সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমন হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। হুমকিদাতাদের পাঠানো বার্তায় ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন মাহমুদা মিতু। এ সময় হুমকির কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। প্রকাশিত স্ক্রিনশটের একটিতে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো একটি বার্তা দেখা যায়।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু সংসদে সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আগের দিন সংসদে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং মেজাজ হারান। শত শত শহীদের রক্ত, আহতদের আত্মত্যাগ, জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসউদ এবং এক দফা আন্দোলনের ঘোষক নাহিদ ইসলামের ত্যাগের বিনিময়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তার অভিযোগ, সংসদে যুক্তিতর্কে না পেরে বিরোধীদের তুই-তুকারি ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে। যুক্তির জবাব দিতে না পারলেই এমন অপমানজনক শব্দ ব্যবহার করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে আরও উল্লেখ করেন, হান্নান মাসউদকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করার সময় তিনি প্রতিবাদ করেছিলেন। তখন হত্যার হুমকি এবং বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনার কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য, যাঁরা সমঝোতা করে রাজনীতি করেন, তাঁরা পরিবার ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার সাহস ও বাস্তবতা বুঝতে পারবেন না।
নিজের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মাহমুদা মিতু জানান, গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও একই ধরনের হুমকি পেয়েছেন বলে দাবি করেন তিনি। এসব ঘটনা প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতো বিষয়টিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
পোস্টের শেষ দিকে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, যতক্ষণ পর্যন্ত তাঁদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই ভারতের পরিচিত একটি অপরাধী চক্রের প্রধান। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম ব্যাপকভাবে আলোচনায় আসে। হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বলিউড তারকাদের বিভিন্ন সময় হুমকি দেওয়ার ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে এসেছে।
তবে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই কিংবা তার অপরাধী চক্রের সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।



