বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আকস্মিকভাবে ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অবস্থান নেন তিনি। তার এবারের সফরকে ঘিরে নানা কৌতূহল তৈরি হলেও এখনো আগমনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে পিটার হাসের। তবে এটি ব্যক্তিগত, ব্যবসায়িক নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা সফর, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি দেশটির বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন তিনি।
রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে তার বিভিন্ন বক্তব্য এবং কূটনৈতিক তৎপরতা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৫ মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। সেখানে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এবং এ বিষয়ে দলগুলোর প্রতিনিধিদের অবস্থান নিয়ে আলোচনা হয়। একই দিন তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এর আগের দিন, ২৪ মে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার নীতি ঘোষণা করেন।
পিটার হাস সে সময় বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আচরণে ইতিবাচক পরিবর্তন আনাই এই নীতির মূল উদ্দেশ্য।
এ ছাড়া ২০২৩ সালের সেপ্টেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকলে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের কর্মকর্তা এমনকি গণমাধ্যমকর্মীরাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।
তার এসব বক্তব্য ও কর্মকাণ্ড সে সময় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অবসর নেওয়ার পর বেসরকারি প্রতিষ্ঠানের কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত পিটার হাসের বাংলাদেশ সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে সফরে কার কার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা, কী ধরনের কর্মসূচি রয়েছে কিংবা এর পেছনে কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।



