কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ১২ দিনের ব্যবধানে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—বড়ধুশিয়া গ্রামের মো. সামসু মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন (১৩) ও বাপ্পি হোসেন ভূঁইয়ার ছেলে আলিফ ভূঁইয়া (১৫)। শাহিন বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং আলিফ ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ওশান হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে তার পরিবার ব্রাহ্মণপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আলিফ। তার পরিবারও থানায় পৃথক জিডি করেছে।
একই গ্রামের দুই শিক্ষার্থী পরপর নিখোঁজ হওয়ায় পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় পৃথক দুটি জিডি হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। মোবাইল ট্র্যাকিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নিখোঁজদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।



