tanaka
প্রচ্ছদজাতীয়রাতে ঢাকায় পৌঁছাবে রূপপুরের জ্বালানিবাহী কার্গো বিমান

রাতে ঢাকায় পৌঁছাবে রূপপুরের জ্বালানিবাহী কার্গো বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে একটি কার্গো বিমান রওনা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে যাত্রা করা বিমানটি ভারতে যাত্রাবিরতির পর ঢাকায় আসবে। এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।

এদিকে রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। গত বুধবার ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোসাটম জানিয়েছে, ত্রুটি সংশোধনের পর মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে শেষ হয়। প্রধান ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে পরীক্ষা পরিচালনা করে ভাল্বগুলোর কার্যকারিতা, খোলা-বন্ধ হওয়ার প্রক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার প্রতিক্রিয়া যাচাই করা হয়।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রোসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।