প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে স্বাধীন কমিশনের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২ অক্টোবর) ক্লাবটি জানিয়েছে, তারা কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ আপিল’ করেছে।
গত মঙ্গলবার প্রিমিয়ার লিগ জানায়, স্বাধীন কমিশনের দীর্ঘ তদন্তে আবুধাবি মালিকানাধীন ক্লাবটি ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে সিটি। এবার নিজেদের অবস্থান প্রমাণে আইনি লড়াইয়ের পথে এগিয়েছে ক্লাবটি।
এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি জানায়, নির্ধারিত সময়সীমার এক দিন আগেই বৃহস্পতিবার আপিল জমা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ১ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার লিগের শৃঙ্খলাবিষয়ক মামলায় কমিশনের রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল করা হয়েছে।
কমিশনের রায় নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ক্লাবটি। সিটির দাবি, রায়ে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে একাধিক গুরুতর ভুল রয়েছে। পাশাপাশি প্রিমিয়ার লিগের আনা সব অভিযোগেই নিজেদের নির্দোষ দাবি করেছে তারা।
ক্লাবটির ভাষ্য, তাদের অবস্থানের পক্ষে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে। তবে আপিলের আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চায় না সিটি।
বিবৃতিতে ক্লাবটি জানায়, যথাযথ আইনি প্রক্রিয়ার প্রতি তারা সম্মান দেখাবে এবং পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে না।



