দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে তারকাখচিত এই আয়োজন।
এবার লাক্স সুপারস্টার-২০২৫ এর মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। তার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগী লড়াই করেন। বর্ণিতা ছাড়াও ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। এই প্রতিযোগিতায় সবার সেরা হয়ে মুকুট জিতেছেন বর্ণিতা।
বিজয়ী হিসেবে তিনি পেয়েছেন সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ি। ফার্স্ট রানার আপ হয়েছেন আমিনা ইসলাম এবং সেকেন্ড রানার আপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
প্রতিযোগীদের গ্রুমিং ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
উল্লেখ্য, লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতার যাত্রা। দীর্ঘ প্রক্রিয়া শেষে সেরা দশ এবং পরে চূড়ান্ত পাঁচ প্রতিযোগী নির্বাচিত হন।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই, আইস্ক্রিনসহ প্রতিষ্ঠানটির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।



