tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২৩ হাজারের বেশি যাত্রী

ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২৩ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচলে অচলাবস্থা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দুই রুটে মোট ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২৩ হাজার ৮৫ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ১৮০টি ফ্লাইটের মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এসব ফ্লাইটের মাধ্যমে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে যাত্রীদের সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব উড়োজাহাজ ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি। এতে সৌদি আরবগামী হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

এর আগে হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে সৌদি আরবের দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে। পরে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।

এর ফলে দুই রুটে ফ্লাইট চলাচলে দীর্ঘস্থায়ী বিঘ্ন সৃষ্টি হয়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তি বাড়ছে।