tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসাংবাদিকদের আপত্তিতে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি, বিকল্প অতিথি হতে পারেন অপু-বুবলী

সাংবাদিকদের আপত্তিতে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি, বিকল্প অতিথি হতে পারেন অপু-বুবলী

চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যানগার্ড ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আর দেখা যাচ্ছে না অভিনেত্রী পরীমনিকে। সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির মুখে তাঁকে অতিথির তালিকা থেকে বাদ দিয়েছেন আয়োজকরা। তাঁর পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আগামী ২৮ নভেম্বর নগরীর খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে পরীমনিকে বাদ দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, পরীমনির সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছিল সাম্প্রতিক আদালত চত্বরের ঘটনার আগেই। তবে সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধ বিবেচনায় নিয়ে তাঁকে অতিথির তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিষয়টি ইতোমধ্যে পরীমনিকেও জানানো হয়েছে। পাশাপাশি নতুন অতিথির নাম ছাড়া সংশোধিত পোস্টার প্রকাশ করা হয়েছে।

বিকল্প অতিথি প্রসঙ্গে খালেদ সুমন বলেন, অনুষ্ঠানে আরও অনেক শিল্পী অংশ নেবেন। পরীমনির পরিবর্তে অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এখনো কারও সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়নি।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁরা অতিথি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধিও পরীমনির পোস্টার শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানান। তাঁর বক্তব্য ছিল, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। এর পর চট্টগ্রামের কয়েকটি সাংবাদিক সংগঠন অনুষ্ঠান বর্জন ও প্রতিহতের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান পরীমনি। অভিনেত্রী ও তাঁর দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক পরীমনির গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।

আদালত চত্বরের ওই ঘটনাকে কেন্দ্র করেই পরীমনির অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠে। শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাঁকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন আয়োজকরা।