tanaka
প্রচ্ছদসারাদেশটেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগেই নারী ও শিশুসহ ৯ জনকে উদ্ধার করল বিজিবি

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগেই নারী ও শিশুসহ ৯ জনকে উদ্ধার করল বিজিবি

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারী ও অপ্রাপ্তবয়স্কসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ লম্বারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। উদ্ধার ব্যক্তিদের মধ্যে একজন নারী এবং দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিজিবি জানতে পারে, টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধীন সি-বিচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বারীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে পাচারের শিকার হওয়ার আশঙ্কায় থাকা ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।