যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে শুক্রবার (০৩ এপ্রিল) রাতে অভিযান শুরু করা হয়।
শনিবার (০৪ এপ্রিল) ইয়াহু নিউজের বরাতে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানের দুই ক্রু সদস্য নিরাপদে বের হতে সক্ষম হন। যুক্তরাষ্ট্র দ্রুত উদ্ধার অভিযানে নেমেছে, যার মধ্যে দুটি সামরিক হেলিকপ্টার এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নিয়েছে। যদিও ইরানি বাহিনীর গুলিতে উভয় হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়, তারা নিরাপদে ইরাকের দিকে ফিরে যেতে সক্ষম হয়েছে।
প্রথম একজন মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু দ্বিতীয় পাইলটের অবস্থান এখনও অজানা। ইরানের স্থানীয় গণমাধ্যমে তাকে খুঁজে বের করার প্রচেষ্টা দেখানো হয়েছে এবং তাও খুঁজে পেলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
অন্যদিকে, এফ-১৫-এর পাইলটদের উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এই ঘটনায় এ-১০ মডেলের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়, যার পাইলট প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে থাকা হেলিকপ্টারগুলোর মধ্যে একটি ছোট অস্ত্রের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়, কয়েকজন ক্রু আহত হলেও হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এখনো দ্বিতীয় এফ-১৫ পাইলটের খোঁজে উদ্ধার অভিযান চলমান।



