রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র ও শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’য় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা প্রয়োজন, তেমনি প্রাণী অধিকারের জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষাও জরুরি।
তিনি আরও বলেন, প্রাণীর নিরাপত্তা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং মানবজাতির টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের জন্য অপরিহার্য। সব ধর্মেই পশুপাখি ও বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনেও প্রাণীকে সৌন্দর্যের প্রতীক এবং মানবসম সমাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তারেক রহমান উদাহরণ টেনে বলেন, এডিস মশার বিস্তার রোধে ব্যাঙ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শহরে ব্যাঙের জন্য জলাশয় সংরক্ষণ মানব সমাজের নিরাপত্তার জন্যও জরুরি। তিনি জানান, আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় ১,৬০০ প্রজাতির প্রাণীর মধ্যে ৩৯০টি বিলুপ্তির মুখে। রয়েল বেঙ্গল টাইগার ও হাতিসহ বহু প্রাণী বিলুপ্তির পথে।
তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও বন্যপ্রাণী পাচার জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে। যদিও দেশে প্রাণী কল্যাণ আইন ২০১৯ ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ একাধিক আইন আছে, তবু সময়োপযোগী সংস্কার প্রয়োজন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এসব আইন হালনাগাদ করা হবে।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক অধিকার হরণে সমাজে অসহিষ্ণুতা বেড়েছে। এখন সময় এসেছে মানবিক মানুষ হয়ে ওঠার জন্য পশুত্ব বর্জন ও মনুষ্যত্ব অর্জনের অঙ্গীকার করার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীকূলকে রক্ষা করতে হবে। যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার শিশুদের বিনোদনের জায়গা তৈরি ও বন-প্রাণী রক্ষার ওপর গুরুত্ব দেন। সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল প্রাণী অধিকারের পক্ষে সামাজিক মাধ্যমে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় প্রায় ৪০ প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়। দিনব্যাপী আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি প্রাণী কল্যাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



