দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পটির কম্পন প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ভূমিকম্পটির কম্পন অস্ট্রেলিয়া পর্যন্ত অনুভূত হয়েছে। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ বাসিন্দা কম্পন অনুভব করার কথা জানান।
অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। কম্পন অনুভবের বিষয়ে দেশটির বাসিন্দাদের কাছ থেকে ৩৮০টিরও বেশি প্রতিবেদন জমা পড়েছে।
প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছিল। এতে উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়। তবে বিভিন্ন সংস্থার প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ও গভীরতায় পার্থক্য দেখা গেছে।
এদিকে, অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও দেশটির মূল ভূখণ্ড কিংবা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকা। ভূগর্ভে টেকটোনিক প্লেটের নিয়মিত নড়াচড়ার কারণে এ অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।



