ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়টি দীর্ঘদিন ধরেই দেশটির সামরিক কৌশলের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানি সামরিক কর্মকর্তাদের বক্তব্যে এই নীতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে, তেহরান কি এবার দুই হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে?
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম পথিকৃৎ শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম থেকে শুরু করে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ—দেশটির সামরিক নেতৃত্ব বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দুই হাজার কিলোমিটারের সীমা কোনো প্রযুক্তিগত অক্ষমতার কারণে নির্ধারিত হয়নি। বরং তৎকালীন নিরাপত্তা পরিস্থিতি ও কৌশলগত বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধারণা প্রচলিত রয়েছে। অনেকের ধারণা, দেশটি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রযুক্তিগতভাবে সক্ষম নয়। তবে ইরানি সামরিক কর্মকর্তাদের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।
২০১৭ সালের নভেম্বরে আইআরজিসির তৎকালীন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ জাফরি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থগুলো ইরানের দুই হাজার কিলোমিটার পাল্লার মধ্যেই রয়েছে। সে কারণে প্রতিরক্ষা নিশ্চিত করতে এই দূরত্বকে যথেষ্ট মনে করে তেহরান।
পরের বছর, ২০১৮ সালের ডিসেম্বরে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া বক্তব্যে জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, দুই হাজার কিলোমিটারের সীমা কোনো অপরিবর্তনীয় নির্দেশনা নয়। ইরানের এর চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। এ ক্ষেত্রে কোনো কারিগরি কিংবা চুক্তিগত বাধাও নেই।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি গড়ে ওঠে ১৯৮০-এর দশকে। সে সময় ইরাকের বাথিস্ট শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তা অনুভব করে তেহরান। এরই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে শহীদ হাসান তেহরানি মোকাদ্দামের নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ইউনিটের কার্যক্রম শুরু হয়। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ওই ইউনিট কিরকুকের দিকে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জেনারেল হাজিজাদেহের বর্ণনা অনুযায়ী, মোকাদ্দাম প্রথমে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেই লক্ষ্য অর্জনের পর নতুন করে পাল্লা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা, কার্যকারিতা ও গুণগত মান উন্নয়নে মনোযোগ দেন তিনি।
বর্তমানে ইরানের অস্ত্রভান্ডারে থাকা বিভিন্ন ক্ষেপণাস্ত্র দেশটির প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে দুই স্তরবিশিষ্ট কঠিন জ্বালানিচালিত ‘সেজিল’ এবং ২০২৩ সালের জুনে উন্মোচিত ‘খোররামশাহর-৪’ বা ‘খাইবার’। উভয় ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার।
খাইবার ক্ষেপণাস্ত্র প্রায় দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। অন্যদিকে, নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার জন্য পরিচিত ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার। এ ছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করার সক্ষমতার দাবি নিয়ে আলোচনায় রয়েছে ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার।
বিশেষজ্ঞদের মতে, দুই হাজার কিলোমিটারের সীমা অতিক্রম করার উদ্যোগ নেওয়া হলে ইরানকে বর্তমান ক্ষেপণাস্ত্রগুলো পরিত্যাগ করতে হবে না। বরং বিদ্যমান প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও উন্নত এবং দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে দেশটি।
এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয় ২০২৬ সালের ৭ নভেম্বর। সেদিন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বিকে ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে বিদ্যমান সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমাদের জন্য এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।’
ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে দেওয়া এই বক্তব্যের আগে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে যেকোনো হুমকির দ্রুত ও কার্যকর জবাব দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন।
তবে নীতিগতভাবে সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা এলেও ইরান ইতোমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র তৈরি বা মোতায়েন করেছে কি না, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
প্রকৌশলগতভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা বেশ জটিল একটি প্রক্রিয়া। শুধু জ্বালানি ধারণক্ষমতা বাড়ালেই ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করা সম্ভব নয়। এর সঙ্গে উন্নত প্রপালশন প্রযুক্তি, বিশেষ ধাতব উপাদান, আধুনিক গাইডেন্স ব্যবস্থা এবং তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তির সমন্বয় প্রয়োজন।
এ ক্ষেত্রে ইরানের মহাকাশ গবেষণায় অর্জিত অগ্রগতিও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দেশটি ইতোমধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরি করেছে। স্যাটেলাইট উৎক্ষেপণ যান এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে কিছু মৌলিক মিল থাকায় এই অভিজ্ঞতা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কাজে লাগতে পারে।
২০২৫ সালের ১৭ জুন প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটি প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছিল, ইরান চাইলে মহাকাশ প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেই সীমাবদ্ধ থাকবে না; বরং বৈশ্বিক সামরিক ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। এতে ইরানের প্রতিপক্ষের সামরিক ঘাঁটিগুলো আরও বেশি ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে এত দিন ভৌগোলিক দূরত্বের কারণে যেসব লক্ষ্যবস্তু ইরানের নাগালের বাইরে ছিল, সেগুলোও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আওতায় আসতে পারে।
এ ধরনের সক্ষমতা আন্তর্জাতিক কূটনীতি ও দরকষাকষিতেও তেহরানের অবস্থান শক্তিশালী করতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোই কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। এর পাশাপাশি নির্ভুল গোয়েন্দা তথ্য, লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা এবং অস্ত্রের নির্ভরযোগ্যতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাফল্য অনেকাংশে এসব সক্ষমতার সমন্বয়ের ওপর নির্ভর করবে।
সূত্র: মেহের নিউজ



