লা লিগার চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম অব্যাহত। শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠ আনোয়েতায়ও তার জাদুকরী নৈপুণ্যে ২-১ গোলের জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই এমবাপ্পে জানান দেন কেন তিনি মৌসুমের সেরা তারকা। প্রথম ১৫ মিনিটেই একাধিক আক্রমণ সাজান তিনি—একটি অ্যাসিস্ট অফসাইডে বাতিল হয়, একটি শট লাগে পোস্টে, অবশেষে দুরন্ত দৌড়ে গোল করে দলকে এগিয়ে দেন।
তবে ৩০ মিনিটে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার ইয়ান হুইসেন। এক ঘণ্টার বেশি সময় দশজন নিয়ে খেলতে হয় অতিথিদের। সংখ্যাগত ঘাটতি সত্ত্বেও এমবাপ্পে-গুলারের দুর্দান্ত সমন্বয়ে আসে দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান কমায় সোসিয়েদাদ। এরপর কুবো-সোলারের দাপটে চাপ বাড়লেও কোর্তোয়ার অসাধারণ সেভে টিকে যায় রিয়াল। শেষদিকে কোচ জাবি আলোনসো রক্ষণ শক্ত করে বদলি নামান। এমবাপ্পে আরেকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি।
শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয় রিয়ালের জয়, লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করে নেয় লস ব্লাঙ্কোস।



