পরিবেশবান্ধব ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এসব বাসের মধ্যে ২০০টি রাজধানী ঢাকায় এবং বাকি ৮০০টি দেশের অন্যান্য অঞ্চলের বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এসব বাস পরিচালিত হবে।
সরকারের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, গণপরিবহন সেবার মান উন্নয়ন এবং পরিবেশদূষণ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য নির্ধারিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ। অন্যদিকে, ৫০টি লাল রঙের বাস সাধারণ যাত্রীদের জন্য চালানো হবে, যেখানে নারী-পুরুষ উভয়েই চলাচল করতে পারবেন।
বাসগুলোর আকারেও থাকবে ভিন্নতা। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ সার্ভিসের লাল বাসগুলোর দৈর্ঘ্য ১২ মিটার। বৈদ্যুতিক বাসের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ঢাকায় রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি সুবিধা স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে।
তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। বাসের আকার ও অভ্যন্তরীণ বিন্যাস বিবেচনা করে এ সংখ্যা নির্ধারণ করা হবে। প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং রাজধানীসহ সারা দেশে টেকসই ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন রুটে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এবার শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, বৈদ্যুতিক বাস পরিচালনার জন্য নারী চালক তৈরিতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি। বর্তমানে হালকা যানবাহন চালানোর লাইসেন্স রয়েছে—এমন নির্বাচিত নারী চালকদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে তাদের বিনামূল্যে এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।
ফাতিমা বেগম বলেন, ‘নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসি ইতোমধ্যে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। আরও উন্নত সেবা সম্প্রসারণের লক্ষ্যে আমরা নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস সার্ভিস চালু করতে যাচ্ছি।’
তিনি জানান, পিংক বাস সার্ভিস চালুর পর যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না। বরং মহানগরীসহ সারা দেশে নারীদের জন্য নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য।
ফাতিমা বেগম আরও বলেন, পিংক বাস সার্ভিসের কারণে নারীদের মধ্যে চালক হওয়ার আগ্রহ বাড়ছে। এখন রক্ষণশীল পরিবারের সদস্যরাও তাদের পরিবারের নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এর ফলে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
এদিকে, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফাতিমা বেগমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রকল্প দুটির আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। তাদের অনেকে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগও পেয়েছেন। বিভিন্ন জরিপে নারী চালকরা পুরুষ চালকদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান বলে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।
ফাতিমা বেগম বলেন, ‘বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতা প্রধান সমাজে নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার পিংক বাস সার্ভিস চালু করেছে এবং ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে।’
নারী চালকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়ে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে এ ক্ষেত্রে করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ থাকবে। তবে স্থায়ী পদে নিয়োগ পেতে হলে তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।



