শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। ওই সময়ও যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়েছিলেন এই সংসদ সদস্য।
এদিকে, আজকের সংসদ অধিবেশনে স্পিকার তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে পারেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান এবং দলটির সাবেক সরকারের শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী হয়েছিলেন ওসমান ফারুক। ওই সময় বিএনপি সরকার গঠন করলে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।



