tanaka
প্রচ্ছদজাতীয়লকডাউন ঘিরে নাশকতার ছক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

লকডাউন ঘিরে নাশকতার ছক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বিভিন্ন দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, কর্মসূচিকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যে অন্তত ২১টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। দলটির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, লকডাউন কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে তৎপরতা চালানোর প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই পলাতক শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে। এ সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রকাশিত একটি অডিওতেও দলটির নেতাদের অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

গোয়েন্দা সূত্রগুলোর আশঙ্কা, এবার নাশকতার পরিকল্পনা সীমান্তবর্তী জেলাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এসব এলাকায় অস্থিরতা তৈরির পরিকল্পনা করছেন দলটির নেতাকর্মীরা বলে তথ্য রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে।

সূত্রগুলো বলছে, আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যানবাহন, সরকারি স্থাপনা, রাজনৈতিক দলের কার্যালয় এবং বিভিন্ন ব্যক্তির বাড়িঘরে হামলা ও ভাঙচুরের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সীমান্তপথে চোরাইভাবে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের বিস্ফোরক দেশে প্রবেশ করছে বলেও গোয়েন্দা তথ্য রয়েছে। এর মধ্যে গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংশ্লিষ্টরা এই বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে ডিসেম্বরের আগে ও পরে সম্ভাব্য বড় ধরনের নাশকতার প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা মোকাবিলায় পুলিশও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে দেশের সব জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে এ ঘটনা ঘটে। তুরাগ থানা পুলিশ জানিয়েছে, মুখে মাস্ক পরা দুই ব্যক্তি পাসপোর্ট অফিসের বাইরের স্টিলের ফটকে আগুন ধরিয়ে দেন। তবে ফটকটি স্টিলের হওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের একটি বড় অংশ সম্প্রতি ভারতের কলকাতায় জড়ো হয়েছেন। বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের সরাসরি ইন্ধন রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

চলতি মাসে কলকাতা থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী বাংলাদেশে প্রবেশ করেছেন বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, কলকাতায় অবস্থানরত নেতারা ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা করছেন। এরই অংশ হিসেবে লকডাউন কর্মসূচি এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে তাদের ধারণা।

সূত্রগুলোর দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো দলীয় সিদ্ধান্তেই ঘটানো হয়েছে। এসব কর্মকাণ্ড পরিচালনায় নিয়মিত বৈঠকের মাধ্যমে মাঠপর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।