যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে হামলা এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বিজ্ঞপ্তিতে সরকারের অবস্থান তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সদস্যরা এ হামলা চালিয়েছেন। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন সহিংস কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে। এ ধরনের কর্মকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে বাংলাদেশ সরকার।
এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের ভেতরে কিংবা বাইরে কোনো নাগরিক যেন গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতপ্রকাশের কারণে সহিংসতা বা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।



