দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় জ্বালানি সরবরাহ সহজ করতে মোংলা অয়েল ইনস্টলেশন নির্মাণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আমদানি করা তেলের জাহাজ সরাসরি খালাসের জন্য ২০৫ কোটি টাকার এ স্থাপনায় নির্মাণ করা হয় জেটি। তবে জাহাজ ভেড়েনি একদিনও। ফাঁকা থাকে অধিকাংশ তেলের ট্যাংক।
২০১৯ সালে ইনস্টলেশন পয়েন্টটি থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু করা হলেও আমদানি করা তেলের একটি জাহাজও অপারেশন করা সম্ভব হয়নি। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে জেটি সুবিধা ও সংযোজিত যন্ত্রপাতি।সূত্র জানায়, ২০১৪ সালে মোংলা অয়েল ইনস্টলেশন নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয় বিপিসি। ২০১৯ সালে প্রকল্পের কাজ শেষ হয়। ২০১৯ সালের মে মাসে জ্বালানির অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ডিপোতে আমদানি করা তেলের জাহাজ সরবরাহ খালাসের সুবিধা রাখা হয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে পতেঙ্গায় মেইন পয়েন্ট ইনস্টলেশনের পরে একমাত্র খুলনায় আমদানি করা তেলের জাহাজ অপারেশনের এ সুবিধা তৈরি করা হয়। পুরো প্রকল্পে ব্যয় করা হয় ২০৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকা।



