সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশকে অনুসরণের আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার ঘটনায় মুসলিম বিশ্ব গভীর উদ্বেগে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১০ মে) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গ, আসামসহ ভারতজুড়ে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে মাওলানা জালালুদ্দীন আহমদ দ্রুত মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা কামনা করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের উচিত বাংলাদেশের উদাহরণ অনুসরণ করা। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আলেম-উলামারা অতীতেও সংখ্যালঘুদের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, ভারতে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি মানবতা ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। এ বিষয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারকে ভারতমুখী নীতির সমালোচনা করে কূটনৈতিকভাবে আরও সক্রিয় হওয়ার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হোসাইন কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহসিনুল হাসান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা নাসির উদ্দিন মনির, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা হাবিবুল্লাহসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে।



