tanaka
প্রচ্ছদরাজনীতিগণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে: গোলাম পরওয়ার

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে: গোলাম পরওয়ার

ফ্যাসিবাদকে রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে এ ক্ষেত্রে দলটি নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ অনুসরণ করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জামায়াত মাঠে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। ফ্যাসিবাদকে রাজপথে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে জামায়াত প্রস্তুতি নিচ্ছে। তবে আন্দোলন হবে নিয়মতান্ত্রিক। কোনো ধরনের সহিংসতার পথ তৈরি করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চায় না দলটি।

আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াত যৌথভাবে আন্দোলনে নামবে কি না, জানতে চাইলে তিনি বলেন, দল হিসেবে প্রত্যেকের নিজস্ব কর্মসূচি থাকবে। একসঙ্গে কর্মসূচি পালন করলে দলের স্বতন্ত্র অবস্থান বজায় থাকে না। তাই জোটের প্রতিটি শরিক দল নিজ নিজ দলীয় অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে।

দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের ঘটনা একের পর এক ঘটছে। পরিস্থিতি এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দুর্ঘটনা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে কী পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে জনগণ চিন্তিত। জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা প্রয়োজন, সরকার তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সংসদে এ সংকটের সমাধান হচ্ছে না। অন্যদিকে বিরোধী জোট রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। সরকারের শুভবুদ্ধির উদয় না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় উপেক্ষা করায় সরকারের প্রতি জনগণের একটি বড় অংশের আস্থা কমে যাচ্ছে। এর ফলে জনজীবনের সংকট নিরসনে সরকার জনগণের প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না।