tanaka
প্রচ্ছদসারাদেশছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আল আমিন সরদারের (২৫) মৃত্যু হয়েছে।

সোমবার ভোর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখার কনস্টেবল ছিলেন। তিনি কোতোয়ালি থানায় সংযুক্ত থেকে দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।

আল আমিনের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়। তার বাবার নাম আবদুল হক সরদার।

যেভাবে দুর্ঘটনা

পুলিশ জানায়, রোববার সকালে আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য ওয়াসার মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধি দেখে তিন যুবককে থামার সংকেত দেওয়া হয়।

তাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ হিরণ মিয়া তার পিছু নেন। অন্যদিকে কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে পশ্চিম ফটকের দিকে এগিয়ে যান।

এ সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে আল আমিনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসটি তাকে বেশ কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায়।

পরে চেকপোস্টে দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করেন এবং চালককে আটক করেন।

চালক ও সহকারী গ্রেপ্তার

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ সোমবার ভোরে কনস্টেবল আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় বাসের চালক মোশাররফ ও সহকারী (স্টাফ) জয় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা করা হয়েছে।