tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনসম্মাননা হিসেবে শিক্ষকরা পেলেন ২ লাখ টাকা ও ক্রেস্ট

সম্মাননা হিসেবে শিক্ষকরা পেলেন ২ লাখ টাকা ও ক্রেস্ট

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

সারা দেশ থেকে পাওয়া তালিকা যাচাই-বাছাইয়ের পর জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জন শিক্ষককে চূড়ান্তভাবে নির্বাচিত করে। এর বাইরে প্রধানমন্ত্রীর মনোনীত আরও সাতজন শিক্ষককে সম্মাননার জন্য নির্বাচন করা হয়।

তবে সম্মাননাপ্রাপ্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী সময়ে বিরূপ তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

কোন পর্যায়ে কতজন শিক্ষক সম্মাননা পেলেন

এ বছর প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষক সম্মাননা পেয়েছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রীর মনোনীত সাতজন শিক্ষকও রয়েছেন।

প্রাথমিক পর্যায়ের ১০ শিক্ষকের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন এবং মাদ্রাসার দুজন শিক্ষক রয়েছেন।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক সম্মাননা পেয়েছেন।

কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন।

সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত ২০ শিক্ষকের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন রয়েছেন।

চিকিৎসা শিক্ষায় পাঁচজন চিকিৎসা মহাবিদ্যালয় এবং পাঁচজন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যারা ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।