জামালপুর শহরের পাঁচরাস্তা এলাকায় একটি ভাড়া বাসার পাঁচতলার ফ্ল্যাট থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে দুই শিশুসন্তানের চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহত নারীর দুই শিশু সন্তান চিৎকার করছিল। তাদের চিৎকার শুনে স্থানীয়রা বাড়ির মালিককে খবর দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
দরজা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় পরে সেটি ভেঙে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ফ্ল্যাটে প্রবেশ করেন। সেখান থেকে দুই শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। এরপর পাশের একটি কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ইসরাত জাহান ও তার স্বামী কাওসার আহমেদ শাওন প্রায় এক মাস ধরে ওই বাসায় ভাড়া থাকছিলেন। ঘটনার পর থেকে কাওসার আহমেদ শাওনকে পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।



