tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআরও ৩ লাখ নতুন সেনা মোতায়েন করতে পারেন পুতিন: জেলেনস্কি

আরও ৩ লাখ নতুন সেনা মোতায়েন করতে পারেন পুতিন: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশ পুরোপুরি দখলে নিতে চলতি বছরের শেষ দিকে রাশিয়া আরও অন্তত ৩ লাখ নতুন সেনা যুদ্ধে পাঠাতে পারে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধে বিপুলসংখ্যক রুশ সেনা হতাহত হলেও বছরের শেষ নাগাদ রাশিয়া ইউক্রেনের যতটুকু এলাকা এখন নিয়ন্ত্রণ করছে, প্রায় ততটুকুই ধরে রাখতে পারবে।

জেলেনস্কির দাবি, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬৭ হাজার রুশ সেনা হতাহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১ লাখ ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সামনে রাশিয়ার সংসদীয় নির্বাচন রয়েছে। নির্বাচন শেষে নতুন করে সেনা সংগ্রহের কার্যক্রম শুরু হতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর জেনারেলদের চলতি বছরের মধ্যেই পুরো দোনেৎস্ক দখলের নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন জেলেনস্কি। নতুন করে নিয়োগ দেওয়া ৩ লাখ সেনাকে সেই লক্ষ্য অর্জনে ব্যবহার করা হতে পারে।

তবে রুশ বাহিনীর সম্ভাব্য নতুন আক্রমণ মোকাবিলায় ইউক্রেনীয় বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জেলেনস্কি জানান, গত বছরের তুলনায় এবার ইউক্রেন অনেক কম ক্ষেপণাস্ত্র পাচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের অন্তত ১০ শতাংশ ইউক্রেনকে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। এসব ক্ষেপণাস্ত্র কিনতে কিয়েভ প্রস্তুত বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর সক্ষমতা আরও জোরদার করছে ইউক্রেন। অন্যদিকে, যুদ্ধ বন্ধের বিভিন্ন উপায় নিয়ে যুক্তরাষ্ট্র নিয়মিত আলোচনা চালিয়ে গেলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

সূত্র: সিএনএন