tanaka
প্রচ্ছদসারাদেশবরিশালের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

বরিশালের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। এতে বরিশাল ও কুয়াকাটার সঙ্গে ঢাকা-সহ সারা দেশের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে এ পরিস্থিতি চলছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক-চালকদের সঙ্গে অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন। খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও দুপুর পর্যন্ত কোনো সমাধান হয়নি।

পরে বরিশাল বাস মালিক ও শ্রমিক নেতারা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। এতে টার্মিনালে এসে অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে। কেউ কেউ বিকল্প যানবাহনের অপেক্ষায় রয়েছেন। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার অবাধে চলাচলের কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলার দাঁড় করিয়ে যাত্রী ওঠানোয় বাস চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কে এসব যান চলাচল বন্ধের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিকে আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বানারীপাড়া থেকে বরিশালগামী যাত্রী মোতালেব মিয়া বলেন, ‘বরিশালে জরুরি কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় পথে আটকে আছি। কখন বাস চলবে, সেটাও জানি না।’

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।