tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকউপস্থিত বুদ্ধিতে নারী পাইলটের অলৌকিক বেঁচে ফেরা

উপস্থিত বুদ্ধিতে নারী পাইলটের অলৌকিক বেঁচে ফেরা

যান্ত্রিক ত্রুটির কারণে আটলান্টিক মহাসাগরে নিজের বিমান জরুরি অবতরণ করাতে বাধ্য হওয়ার পরও অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন ফ্লোরিডার ২৩ বছর বয়সী পাইলট ফেইথ টেনকলি। দুর্ঘটনার পর সাঁতরে তীরে উঠতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করছেন তিনি।

গত শনিবার বাবা-মাকে আনতে বাহামাসের উদ্দেশে ফ্লোরিডা থেকে রওনা হন টেনকলি। কিন্তু বোকা রাটনের উপকূলের কাছে পৌঁছানোর পর তাঁর ‘পাইপার পিএ৩০’ বিমানের ডান পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়। একই সঙ্গে ল্যান্ডিং গিয়ারেও সমস্যা দেখা দেয়।

বিমানটিতে বিপুল পরিমাণ জ্বালানি থাকায় বোকা রাটন বিমানবন্দরে অবতরণ করলে আগুন ধরে যাওয়ার আশঙ্কা ছিল। এ কারণে বিমানবন্দরে ফেরার পরিবর্তে সমুদ্রেই বিমানটি অবতরণের সিদ্ধান্ত নেন টেনকলি।

চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই পাইলট বলেন, ‘আমি সত্যিই অত্যন্ত ভাগ্যবতী ও স্বস্তিবোধ করছি যে, এমন একটি দুর্ঘটনার পর সাঁতরে বেঁচে ফিরতে পেরেছি।’

তিনি জানান, বিমানবন্দরে অবতরণ নিরাপদ মনে না হওয়ায় তিনি উপকূলের দিকে এগিয়ে যান। বিমানটি নামানোর সময় তাঁর প্রধান লক্ষ্য ছিল আশপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

টেনকলির ভাষ্য, তিনি বিমানটিকে উন্মুক্ত সমুদ্রের দিকে নিয়ে যান এবং কাছাকাছি থাকা ভবন, প্যাডেলবোর্ডার ও সাঁতারুদের এড়িয়ে যেতে সক্ষম হন। এমনকি মেটাল ডিটেক্টর ব্যবহারকারী ব্যক্তিদেরও নিরাপদ দূরত্বে রেখে বিমানটি পানিতে নামান।

ফোর্ট মায়ার্সের পেজ ফিল্ড বিমানবন্দর থেকে সকাল ৮টা ৫০ মিনিটের কিছু আগে উড্ডয়ন করেছিলেন টেনকলি। তবে বোকা রাটন থেকে প্রায় ১৫ মাইল দূরে যেতেই বিপদে পড়েন তিনি। উড্ডয়নের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে বিমানটি সমুদ্রে নামিয়ে আনেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সৈকতের মানুষ ও আশপাশের স্থাপনা এড়িয়ে বিমানটি নিয়ন্ত্রিতভাবে পানিতে অবতরণ করছে। ঘটনাটি দেখে সৈকতে থাকা প্রত্যক্ষদর্শীরাও বিস্মিত হয়ে যান।

প্রত্যক্ষদর্শী মারিয়া মার্কস ডাব্লিউপিবিএফকে বলেন, এক মুহূর্তে তিনি সন্তানকে সানস্ক্রিন লাগাচ্ছিলেন, আর পরের মুহূর্তেই আকাশের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলেন কী ঘটছে।

আরেক প্রত্যক্ষদর্শী অ্যালেক্স বেস্টার জানান, বিমানটি খুব নিচু দিয়ে আসছিল। প্রথমে তিনি বুঝতে পারছিলেন না সেটি বালুতে নামবে, নাকি পানিতে। তাঁর মতে, টেনকলি বিমানটিকে অগভীর পানিতে নামিয়ে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

দুর্ঘটনার পর টেনকলি নিজেই সাঁতরে তীরে উঠে আসেন। পরে উদ্ধারকারী দল পানি থেকে বিমানটি তুলে আনে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট