tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসিরিয়ায় আসাদপন্থি সাবেক গ্র্যান্ড মুফতির যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়ায় আসাদপন্থি সাবেক গ্র্যান্ড মুফতির যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সহিংসতায় উসকানি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে ধর্মীয় বৈধতা দেওয়ার অভিযোগে দেশটির সাবেক গ্র্যান্ড মুফতি আহমদ বদরুদ্দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত এ রায় দেন।

২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সিরিয়ার গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করা হাসুনকে গত বছরের মার্চে দামেস্ক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের জুনে তার বিচার শুরু হয়।

রায়ের পর্যবেক্ষণে বিচারক ফখরুদ্দিন আল-আরিয়ান বলেন, হাসুন এবং তার অধীন সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানকে আসাদ সরকারের সামরিক অভিযানের পক্ষে ধর্মীয় যুক্তি তৈরিতে ব্যবহার করা হয়েছিল। তার বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর ব্যারেল বোমা হামলা, ইদলিবের বাসিন্দাদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ এবং পূর্ব আলেপ্পো থেকে বেসামরিক মানুষকে উচ্ছেদে সামরিক বাহিনীকে উসকানি দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে আদালত উল্লেখ করেন।

আদালত হত্যাকাণ্ডে উসকানির দায়ে হাসুনকে ২০ বছর এবং সহিংসতা দীর্ঘায়িত করার দায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধের গুরুতরতার কারণে তিনি সাধারণ বা বিশেষ কোনো রাষ্ট্রীয় ক্ষমা পাবেন না বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হাসুনের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন বিচারপ্রক্রিয়ায় আসাদ পরিবারের বাইরে কোনো শীর্ষস্থানীয় সুন্নি ধর্মীয় ব্যক্তিত্বের সাজা হওয়ার এটিই প্রথম ঘটনা।

সূত্র: আল-জাজিরা