রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের পাশে থেকে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশি হজযাত্রীদের সফর আরও সহজ করতে সৌদি সরকারের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগার সুবিধা উন্নত করার আহ্বান জানান তিনি। জবাবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।
সৌদি আরবে ৩৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান রাষ্ট্রপতি। দুই দেশের সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
মির্জা ফখরুল সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করে মুসলিম উম্মাহর কল্যাণে তাঁদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে জ্বালানি, সহায়তা ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোনো বিদেশি কূটনীতিকের এটিই প্রথম সাক্ষাৎ বলে জানা গেছে। ফলে এ সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এ সময় রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



