tanaka
প্রচ্ছদসারাদেশগুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত, উদ্ধার ১১৫ বস্তা

গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত, উদ্ধার ১১৫ বস্তা

  1. কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকদের একটি দল বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে গত দুই দিনে অভিযান চালিয়ে ১১৫ বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন।

    ঘটনার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    উপজেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে ভূরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব উপজেলা কৃষি কর্মকর্তা।

    অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের উপপরিচালক সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন এবং রংপুর অঞ্চলের উপপরিচালক সৈয়দা সিফাত জাহান।

    ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১১৫ বস্তা সার ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    তিনি আরও জানান, পরবর্তী সময়ে সার বিতরণে প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে ডিলাররা প্রকৃত কৃষকদের মধ্যে সার বিতরণ করবেন।

    পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনার দিন রাতে উপজেলা কনফারেন্স রুমে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভাও করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ঘটনার বিষয়ে গঠিত দুটি তদন্ত কমিটির সরেজমিন তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।